অন্তরের চাওয়াই হলো প্রকৃত দোয়া -প্রফেসর মুশফিক আহমেদ চৌধুরী(র)
🎤 ২২৬। স্যার বলতেন, আসল দোয়া হলো অন্তরের চাওয়া, অন্তরের গভীর আগ্রহ, চাহিদা, আকাঙ্ক্ষাটাই দোয়া। আমাদের প্রতিদিনের জীবনে বহু চাওয়া পূর্ণ হচ্ছে, মানে আমাদের বহু দোয়াই কবুল হচ্ছে। কিন্তু এই কবুল হওয়া আমাদের কোথায় নিয়ে যাচ্ছে?
স্যার বলতেন, দোয়া কবুল হওয়াটাই আসল না, বরং কী চাইছি, কেন চাইছি—এই চাওয়ার বিশুদ্ধতা ও মানটাই গুরুত্বপূর্ণ। আমাদের মেহনত হওয়া উচিত এই চাওয়ার মান বাড়ানো নিয়ে।
চাওয়ার ময়দানে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এটাকে বুঝবার জন্য স্যার আব্দুল ওয়াহাব সাহেবের এক কথাকে উল্লেখ করে বলেন, একবার ইজতেমার দোয়ার পরদিন আব্দুল ওয়াহাব সাহেব বলেন, গতকাল ইজতেমায় যতদূর চোখ যায় শুধু লোক আর লোক। কিন্তু এরা অধিকাংশই এসেছে নিজের ধান্দায়—চাকরি, ব্যবসা, জমি ইত্যাদি উন্নতির জন্য। আল্লাহর জন্য নয়।
স্যার এই প্রসঙ্গে আব্দুল ওয়াহাব সাহেবের আরেকটি কথা বলতেন, “কেউ মারা গেলে প্রতিবেশীরা এসে কাঁদে, কিন্তু সে কাঁদে আসলে নিজের বাপের কথা মনে করে। মৃতের জন্য কাঁদে না।” আমাদের নামাজ, রোজা, তাওয়াফ, সাদকা, কান্না—সবই না হয়ে যায় দুনিয়ার জন্য, শুধুই পার্থিব স্বার্থে। আল্লাহর জন্য কাঁদা, আল্লাহর মহব্বত চাওয়া, আখেরাত সাজানোর জন্য চাওয়া, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন এইগুলো আমার চাহিদা হয়।
এক ওলি আল্লাহর কথা স্যার বলেন, তার কাছে তাঁর এক নেককার বন্ধু এসে বললেন, “তোমার আশপাশে কত মুরিদ, কত লোকজন, কত ভিড়! ভালোই তো লাগছে!”
তিনি জবাব দিলেন: “না দোস্ত! আমি যে ভাণ্ডার নিয়ে বসে আছি, সেটা নেওয়ার মতো লোক নেই। এরা সবাই নিজের ধান্দায় এসেছে, তারা তো ইমান এখলাস তকওয়া আখলাক শেখার জন্য না, নিজ নিজ চাহিদা পাস করাতে এসেছে।
স্যার বলেন, চাওয়া শুদ্ধ করাই দোয়ার মূল মেহনত। দোয়ার কবুল হওয়া মানেই সফলতা নয়, ইবলিস তার মকবুল দোয়া দিয়ে আরও মরদুদ (বিতাড়িত, প্রত্যাখ্যাত) হয়েছে। স্যার বলেন, কী চাইছি, সেটাই মুখ্য। আমাদের প্রতিদিনের দোয়া, ইবাদত, কান্না—এসব যেন কেবল নিজের লাভ-ক্ষতির হিসাবই শুধু না হয়ে থাকে। আমাদের হৃদয় যেন আল্লাহর জন্য তলবওয়ালা হয়, দোয়া যেন আল্লাহর রেজার দিকে মোড় নেয়।
Comments
Post a Comment
Thanks a lot